আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার প্রদান
মোঃজহিরুল ইসলাম ঃ
শিক্ষা ও মেধার বিকাশে উৎসাহ জোগাতে ‘আলোর পথের দিগনগর ইউনিয়ন সংগঠন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬। অনুষ্ঠানে দিগনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠন সূত্র জানায়, দিগনগর ইউনিয়নে অবস্থিত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় এবং ১টি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা এ বছর গৌরবজনক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ১২ জন এবং মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে। এছাড়া উচ্চ বিদ্যালয় শাখা থেকে অষ্টম শ্রেণীতে ১ জন বৃত্তি পেয়েছে এবং ১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জন করার গৌরব লাভ করেছে। এই সফল শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ভূমিকা পালন করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন আলোর পথের দিগনগর ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ইউনিয়নের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুভানুধ্যায়ী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply