খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে – এমপি সেলিমুজ্জামান
শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:
মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার।”
শুক্রবার (৩ জুলাই) গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিভা বিকাশের সুযোগই সৃষ্টি করে না, বরং সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আসিক মাহমুদ কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, দপ্তর সম্পাদক কাইউম শরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে মোচনা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
#
শরিফুল রোমান
Leave a Reply