জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন, জুলাই গনহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিচারের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের গনমিছিল
মো. নাঈম হোসেন পলোয়ান :
জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখা।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং নতুন বাংলাদেশের সূচনা হয়। তবে তাদের অভিযোগ, পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ফ্যাসিবাদী শাসনের ধারায় দেশ পরিচালনা করছে। তারা দাবি করেন, দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাট বেড়ে গেছে এবং জনগণ ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে।
বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে জনগণের প্রায় ৭০ শতাংশ গণভোটের পক্ষে রায় দেয়। তাদের দাবি, সংসদ নির্বাচনকে বৈধতা দেওয়া হলেও এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণভোটের পক্ষে অবস্থান নিলেও নির্বাচন-পরবর্তী সময়ে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে সরকারকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান তারা। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এখনও মূল্য সমন্বয় না হওয়ায় জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোরও দাবি জানান বক্তারা।
সমাবেশ ও মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, জামায়াতে ইসলামী জিন্দাবাদ’, ‘জুলাই নিয়ে টালবাহানা চলবে না’, ‘গণভোট মেনে নে, নইলে গদি ছেড়ে দে’, ‘জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছেড়ে দে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক হাবিবুর রহমান খাঁন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা শফিকুল ইসলাম, নাসরুল্লাহ খানসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
Leave a Reply