টুঙ্গিপাড়ায় বড় বোনের প্রতিহিংসার শিকারে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আপন ছোট ভাই
নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আপন বড় বোন জোহরা বেগমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের, অন্যায়ভাবে জমি দখল ও ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদানের অভিযোগ করেছেন তারই আপন ছোট ভাই তোজাম্মেল শেখ। ৮০ বছর বয়সী বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে এই বৃষ্টি- বর্ষায় কঠিন সমস্যার মধ্যে মানবেতর জীবন যাপন করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তোজাম্মেল শেখ ও অভিযুক্ত জোহরা বেগম সম্পর্কে একে অপরের আপন ভাই-বোন এবং উভয়েই টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের (০৬ নং ওয়ার্ড) শ্রীরামকান্দি ঘোষেরঘাট এলাকার বাগের বাড়ির মৃত আব্দুস সবুর শেখের সন্তান।
অভিযোগ সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ছোট ভাই তোজাম্মেল হোসেন বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে থাকতেন। তার বড় ভাই বাড়িতে থেকে বাবার জায়গাজমি দেখাশুনা করতেন। তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই মারা যাওয়ায় বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ না করে পাশাপাশি দুই ভাই বসতি স্থাপন করেন। কিন্তু সম্প্রতি সেই দখলীয় জায়গায় ছোট ভাই তোজাম্মেল শেখ ঘরের কাজ করতে গেলে বড় বোন জোহরা বেগম নিজের জমি দাবি করে কাজে বাঁধা প্রদান করেন। ভুক্তভোগীর অভিযোগ বড় ভাই সুন্দর করে বসবাস করছে, অথচ সেখানে বাঁধা না দিয়ে শুধু আমার একার ওপরে বাঁধা প্রদান করছে শত্রুতার বসে। তাছাড়া তার দলিলে যেখান থেকে ভোগ দখল করবে বলে উল্লেখ রয়েছে সেখানে না গিয়ে অযথা আমাকে হয়রানি করছে কেন? আমার বৃদ্ধ মা আমার সাথেই থাকেন, বৃষ্টির মধ্যে কত কষ্টে দিন কাটাচ্ছি সেটা আমি জানি। তিনি আরো বলেন, বাবার রেখে যাওয়া আরো সম্পত্তি থেকে বোনদের প্রাপ্য বুঝে দেওয়ার কথা থাকলেও শত্রুতার বসে আমার ঘরের মধ্যে এসে বাঁধা প্রদান করে। বৃদ্ধ মা ও সন্তান নিয়ে একটু ভালোভাবে বসবাসের জন্য বাড়ির কাজ চালিয়ে যাওয়ার আকুতি জানালে বড় বোন জোহরা তাতে কর্ণপাত না করে উল্টো হয়রানিমূলক মামলা দায়ের করে। বড় বোনের অত্যাচারের মাত্রা দিনে দিনে বেড়েই চলছে। এমনকি জমি নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয় আমার যে ভাই পূর্বে মারা গিয়েছে তার পিছনেও এই বোনদেরই হাত ছিলো বলে জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় ভাবে গন্যমান্য ব্যক্তিরা শালিস মিমাংসার চেষ্টা করলেও বড়বোন তা মানেননি বলেও অভিযোগ রয়েছে।
তোজাম্মেল শেখের বৃদ্ধ মা আমেনা বেগম (৮০) বলেন , আমার ছেলে-মেয়েদের মধ্যে ভালোই মিল ছিলো। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে। আমার ছোট ছেলে তোজাম্মেল শেখ ঘর করতে গেলে, মেয়েরা এসে বাঁধা প্রদান করে। আমি
বর্তমানে আমার ছোট ছেলের সাথেই থাকি। এখন যে পরিস্থিতিতে আছি, তাতে টেনশনে আমার ছোট ছেলে হয়তো স্ট্রোক করে মারা যাবে। আমি চাই আমার ছেলে মেয়েদের সম্পর্ক আগের মতো হোক।
এ বিষয়ে অভিযুক্ত জোহরা বেগমের সাথে কথা বলতে ০১৭১১….৬২ মুঠোফোনে কল দিলে তার স্বামী মনোয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন, আমার শ্বশুর সবুর শেখ মারা যাওয়ার আগে টাকা নিয়ে সাব-কবলা দলিল করে আমার স্ত্রী (জোহরা বেগম) এর নামে কিছু অংশ লিখে দেয়। সেই সম্পত্তির ওপর আমার শ্যালক তোজাম্মেল নতুন করে ছাদ দিতে গেলে আমরা প্রথমে নিষেধ করি কিন্তু সে তা শোনে না। পরে আমরা বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। বাবার সম্পত্তি সবাই সমান ভাগ পাবে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই আদালতে মামলা দিয়েছি।
পরিশেষে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সব সমস্যা নিরসন ও সুষ্ঠুভাবে ঘরের কাজ সম্পন্ন করে বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে একটু ভালোভাবে বসবাসের আকুতি জানান ভুক্তভোগী তোজাম্মেল শেখ, তার মা ও পরিবার।
Leave a Reply