গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গোপালগঞ্জ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক মাদক বিরোধী র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply