হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়, পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন দলীয় কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং দোকানপাটে লুটপাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দলের নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, ফ্যাসিবাদের দোসররা তাদের নেতা সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। মুকসুদপুর বাজারে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, তারা রাজপথে থেকে গণতান্ত্রিক পন্থায় আগুন-সন্ত্রাস ও ফ্যাসিবাদের মোকাবিলা করবেন। ফ্যাসিবাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক দরুজ্জামান ইজাজ, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইউম শরিফ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইউম মুন্সি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি ও কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে এসব হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
Leave a Reply