গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে কাশিয়ানী উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানাগেছে। সে জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে।
গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিচ ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্তে মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে বিএনপি মনোনীত গোপালগঞ্জে নির্বাচিত ৩ এমপি মহোদয় সহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সহ বিভিন্ন সভা-সমাবেশে এমপি মহোদয়গণ বলেন, মাদকের বিষয়ে যদি কেউ সুপারিশ করতে আসেন তাহলে আগে তাকে জেলে আটকে রাখতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র নির্দেশে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
Leave a Reply