গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন
রিকি শেখ স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক সাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
Leave a Reply