গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি
কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী শহরের আশপাশে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।
এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে স্লোগান দিতে দেখা যায় নেতা- কর্মীদের।
বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা “জয় বাংলা __ জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে __ বাংলাদেশ হাসবে, “শেখ সেলিম ভাই আসবে __ গোপালগঞ্জ হাসবে”, শেখ নাঈম ভাই আসবে __ গোপালগঞ্জ হাসবে” এছাড়াও পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান এঁকে দেন বিক্ষোভকারীরা।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়েছে।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান, গোপালগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলাম, ছাত্রলীগ নেতা রাজু খান, ওমর ফারুক খান, যুবলীগ নেতা আজিজ খানের নেতৃত্বে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। এতে দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের কারণে শহরের বিভিন্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিলো।
এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এ ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিজিবি কর্মকর্তা। রোববারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন।
এদিকে এ ঘটনায় গোপালগঞ্জের সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামানকে হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবাকে ফেনী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তাদের স্থলে হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ ও ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Leave a Reply