*বোয়ালমারীতে ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ*
মোঃ টিপু সুলতান খাঁন
ভ্রাম্যমান রিপোর্টার
বোয়ালমারীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মক্তবের কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে শিশুটির পরিবারের অভিযোগ। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় আল আমিন তাকে প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মক্তবের কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির সঙ্গে অশোভন আচরণের চেষ্টা করা হলে সে চিৎকার করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিবরণ জানায়। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির দেখানো ব্যক্তিকে শনাক্ত করেন বলে দাবি করেন।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় আল আমিন তাকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে মেয়ে আমাকে জানিয়েছে। চিৎকার করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে আমার মেয়ে আমার কাছে এসে ঘটনার সবকিছু বলে। আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
শিশুটির নানিও একই অভিযোগ করে বলেন, তাঁর নাতনিকে প্রলোভন দেখিয়ে পাশেই একটি মক্তবের কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত আল আমিন বর্ণিরচর গ্রামের বাসিন্দা কাইয়ুম মাস্টারের ছেলে। তিনি বর্তমানে পূর্ব সোতাশী গ্রামে তাঁর নানা নুর মুহাম্মদের বাড়িতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর এক ফুফু বলেন, আমার ভাতিজা কী করেছে, না করেছে, তা আমরা দেখব। আপনারা নিউজ করবেন না।
আল আমিনের বোন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ভাই এ ধরনের কোনো ঘটনা ঘটাননি। তিনি বর্তমানে বাড়িতে নেই। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করে নিজেদের মধ্যে মীমাংসা করার কথাও বলেন তিনি।
এ বিষয়ে বোয়ালমারী থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। শিশুটি তাঁর কাছে ঘটনার বিবরণ দিয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply